যুক্তরাষ্ট্র হামলা চালালে নতুন অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে আগে কখনো ব্যবহার না করা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করা হবে বলে দাবি করেছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, নিজস্ব প্রযুক্তিতে তৈরি এমন কিছু উন্নত সামরিক সরঞ্জাম রয়েছে, যা এখনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়নি।
বৃহস্পতিবার (২১ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, রুশ সংবাদমাধ্যম আরআইএ নোভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একটি সামরিক সূত্র এ দাবি করেছে।
ইরানি ওই কর্মকর্তা বলেন, “আমরা দেশীয়ভাবে আধুনিক অস্ত্র উৎপাদন করেছি, যা এখনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়নি এবং বাস্তবে পরীক্ষাও হয়নি।” তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য উত্তেজনা বাড়লে তা মোকাবিলায় তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
তার দাবি, প্রতিরক্ষা সক্ষমতা কিংবা সামরিক সরঞ্জামের ক্ষেত্রে এমন কোনো ঘাটতি নেই, যা দেশের নিরাপত্তা রক্ষায় বাধা সৃষ্টি করতে পারে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, “এবার আমরা সংযত থাকবো না।”
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক যুদ্ধবিরতির পর ইরান ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা পুনর্গঠনে জোর দিয়েছে। বিভিন্ন গোয়েন্দা তথ্যেও বলা হয়েছে, সম্ভাব্য নতুন সংঘাতের আশঙ্কায় দেশটি সামরিক প্রস্তুতি আরও বাড়াচ্ছে।
এমএ//