ঈদের ৭ দিন মহাসড়কে চলবে না যেসব যান
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সড়কপথে যাত্রীদের স্বস্তিদায়ক ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২০ মে) সংস্থাটির মহাসচিব মো. সাইফুল আলমের স্বাক্ষর করা জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, ঈদের আগে তিন দিন ও পরবর্তী ৩ দিন পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ রাখতে হবে। তবে কোরবানির পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, বন্দরের মালামাল ও তৈরি পোশাক পরিবহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, পণ্য ও পশুবাহী যানবাহনে, বিশেষ করে ফিরতি পথে যাত্রী বহন না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে কোনো যানবাহন পার্কিং করা যাবে না।
এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সমিতিগুলোকে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
পিডি/এমএ//