আন্তর্জাতিক

‘ইরান এখন কার্যত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র এখন “কার্যত ইরানকে নিয়ন্ত্রণে” রেখেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে ওয়াশিংটন তাড়াহুড়ো করছে না।

বুধবার (২০ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, দায়িত্ব নেওয়ার পর গেল তিন মাসের বড় অংশ যুদ্ধবিরতির মধ্যেই কেটেছে এবং আলোচনার জন্য সময় দিতে চান তিনি।

তবে “ইরানকে নিয়ন্ত্রণে রাখা” প্রসঙ্গে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে যুক্তরাষ্ট্র নতুন করে সংঘাত শুরুর চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তার দাবি, যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ইরান নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠনে কাজ করছে।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজে প্রকাশিত বক্তব্যে গালিবাফ বলেন, শত্রুপক্ষের প্রকাশ্য ও গোপন তৎপরতা বিশ্লেষণ করলে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ইরানের ওপর আবার হামলা হলে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে তেহরান।

অন্যদিকে হরমুজ প্রণালিতে চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। সংস্থাটির আশঙ্কা, এই গুরুত্বপূর্ণ জলপথে দীর্ঘমেয়াদি বিঘ্ন ঘটলে বিশ্বজুড়ে খাদ্য সরবরাহ ব্যবস্থা ও বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এফএও বলছে, জ্বালানি পরিবহন ব্যাহত হলে এর প্রভাব সার, বীজ, কৃষি উৎপাদন ও খাদ্যপণ্যের দামে ধাপে ধাপে পড়বে। এতে বৈশ্বিক খাদ্য মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।

পরিস্থিতি মোকাবিলায় বিকল্প বাণিজ্যপথ জোরদার এবং রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন