২১ শতাংশ পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। সংস্থাটি প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ১ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে, যা বর্তমান দামের তুলনায় প্রায় ১৭ থেকে ২১ শতাংশ বেশি।
বুধবার (২০ মে) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে এ প্রস্তাব তুলে ধরা হয়। তবে পিডিবির এ উদ্যোগের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি এবং ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)সহ বিভিন্ন অংশীজন।
শুনানিতে পিডিবির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, চলতি অর্থবছরে প্রায় ৬২ হাজার কোটি টাকা এবং আগামী অর্থবছরে ৬৫ হাজার কোটি টাকার ঘাটতির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে বিদ্যুতের দাম সমন্বয় না করা হলে খাতটি বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।
এসময় গণশুনানিতে অংশ নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেন।
তিনি বলেন, দাম বাড়লে শিল্পকারখানার উৎপাদন ব্যয় বেড়ে যাবে, যার নেতিবাচক প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে। তাই বিদ্যুতের মূল্য বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।
তিনি আরও অভিযোগ করেন, পিডিবির প্রস্তাবে সাধারণ মানুষের স্বার্থ যথাযথভাবে বিবেচনা করা হয়নি এবং এ কারণে গণশুনানি বাতিলের দাবি জানান।
উল্লেখ্য, পাইকারি ও খুচরা—উভয় পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব নিয়ে বুধবার ও বৃহস্পতিবার গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এমএ//