কোনো প্রভাব-পরিচয়ে অপরাধীরা ছাড় পাবে না: ডিএমপি কমিশনার
সংবাদ সম্মেলনে তিনি বলেন, চাঁদাবাজি, মাদক ব্যবসা কিংবা অন্য যেকোনো অপরাধে জড়িতদের ক্ষেত্রে কোনো ধরনের পরিচয় বা প্রভাব বিবেচনায় নেয়া হবে না। কেউ অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই দেখা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
নগরবাসীর সেবা সহজ করতে ডিএমপির বিভিন্ন অ্যাপস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান কমিশনার। পাশাপাশি আসন্ন ঈদকে সামনে রেখে নগদ অর্থ বহনের পরিবর্তে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন করার পরামর্শ দেন তিনি।
কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন, শুধু পুলিশের পক্ষে এ সমস্যা মোকাবিলা সম্ভব নয়। পরিবার, সমাজ ও সাধারণ মানুষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।
থানায় কোনো ধরনের দালালের স্থান নেই উল্লেখ করে কমিশনার বলেন, কোথাও দালাল চক্র বা অনিয়মের তথ্য পাওয়া গেলে তা পুলিশকে জানাতে হবে। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
ট্রাফিক সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, তবে কোনো ধরনের অসদাচরণ করা যাবে না।
ডিএমপির ৫০টি থানার মধ্যে বর্তমানে ২৩টি অস্থায়ীভাবে পরিচালিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, থানা ও পুলিশ ফাঁড়ির অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
‘মব জাস্টিস’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ব্যাটারিচালিত রিকশা নিয়ে তিনি বলেন, বিগত সরকারের সময় এ খাতে একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল।
এছাড়া ৫ আগস্টের পর জামিনে বের হওয়া সন্ত্রাসীদের তালিকা তৈরি করে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি। এ পর্যন্ত ২০৬ জন তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ৪০৬ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এআর/ এসি//