হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিরাজগঞ্জে বিশেষ মাদকবিরোধী অভিযানে এক নারী মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত নারীর নাম মোছাঃ রেহেনা (৩৫)। তিনি রাজশাহী জেলার বাসিন্দা। তার স্বামীর নাম মোঃ মোস্তফা।
সোমবার (১৮ মে) বেলা ১১টা ৪০মিনিটে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আজ মঙ্গলবার (১৯ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে রাজশাহীর সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে নিজে পরিবহন করতেন এবং পরে তা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।
অভিযান পরিচালনাকারী দলটির মতে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহে জড়িত রয়েছে বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আর/আই