ঢাকায় পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ ভারতের চেন্নাই থেকে ঢাকায় পৌঁছেছে। রোববার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ কারিনার মরদেহ গ্রহণ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে কারিনার মরদেহ রাজধানীর বনানী ডিওএইচএসে তাদের বাসায় নেয়া হবে। পরে বনানী ডিওএইচএস মসজিদে অনুষ্ঠিত হবে তার জানাজা।
গত ১৫ মে রাতে ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন কারিনা। লিভার-সংক্রান্ত জটিলতায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এর আগে গত ৮ মে রাত থেকেই দেশে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। অবস্থার উন্নতি না হওয়ায় পরিবারের সিদ্ধান্তে ১১ মে রাতে এয়ার অ্যাম্বুলেন্সে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে চেন্নাই নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য।
চিকিৎসার অংশ হিসেবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা করা হয়, যাদের মধ্যে একজন লিভার ডোনার হিসেবে প্রস্তুত ছিলেন। তবে শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ হয়।
পরিবার সূত্রে আরও জানা যায়, শুরুতে জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। পরে একসঙ্গে হেপাটাইটিস এ ও ই শনাক্ত হলে জটিলতা বাড়তে থাকে এবং লিভার ফেইলিউর দেখা দেয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়, পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
হাস্যরসাত্মক কনটেন্ট নির্মাণের মাধ্যমে খুব অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন কারিনা কায়সার। কনটেন্ট তৈরির পাশাপাশি অভিনয় ও চিত্রনাট্য রচনাতেও নিজের দক্ষতার পরিচয় দেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। তার অকালপ্রয়াণে শোকাহত সহকর্মী, ভক্ত ও বিনোদন অঙ্গনের মানুষজন।
এসি//