জাতীয়

উন্নয়ন পরিকল্পনায় বাধা দিলে বাংলাদেশের মানুষ সেই ষড়যন্ত্রকে ভেস্তে দেবে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,  পরিষ্কারভাবে আমি বলে দিতে চাই, যেই কাজ করার সমর্থন দেশের মানুষ ভোটের মাধ্যমে দিয়েছে তা আমরা এক এক করে সেই কাজগুলো, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবো। এতে কেউ বাধা দিলে বাংলাদেশের মানুষ তাদের সেই ষড়যন্ত্রকে ভেস্তে দেবে, আমাদের কিছু করা লাগবে না।

শনিবার (১৬ মে) বিকালে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় বিশ্ব খাল কোন খনন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,  দেশ থেকে বিতাড়িত স্বৈরাচার একবার বলেছিল, বিএনপিকে শান্তিতে থাকতে দেবে না। আমরা যখন খালকাটা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি শুরু করেছি তখন কিছু সংখ্যক মানুষ বিভ্রান্তিকর কথা বলছে। এগুলো থেমে গেলে সাধারণ মানুষের ক্ষতি হবে।

তারেক রহমান বলেন,  সবাইকে সজাগ থাকতে হবে, যাতে খাল কাটা কর্মসূচি, ফ্যামিলি কার্ড প্রদান, কৃষক কার্ড, বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে কেউ বাধাগ্রস্ত না পারে সে বিষয়ে সচেতন থাকতে হবে। ১২ তারিখের নির্বাচনে এসব কর্মসূচির পক্ষে ছিল বলেই মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে।

তিনি আরও বলেন,  বিগত ১৬ বছর এই দেশের মানুষের লক্ষ-কোটি অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। এই দেশের মানুষের সম্পদ বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে ফোকলা করে দেওয়া হয়েছিল। প্রশাসনকে রাজনীতিকীকরণের মাধ্যমে প্রশাসনের যে দক্ষতা, সেই দক্ষতাকে নষ্ট করে ফেলা দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল আরেকটি দেশের চিকিৎসার সুবিধার জন্য।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন, জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিক প্রমুখ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন