জাতীয়

চাঁদপুর যাত্রায় কুমিল্লায় জনতার ঢল, ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ছবি: সংগৃহীত

চাঁদপুরের উদ্দেশে রওনা দেয়ার পথে কুমিল্লা জুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসা ও অভ্যর্থনায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে দাউদকান্দি টোল প্লাজা পার হয়ে কুমিল্লা জেলায় প্রবেশ করেন তিনি। এ সময় মহাসড়কের বিভিন্ন অংশে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক তারেক রহমানকে স্বাগত জানাতে উপস্থিত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, খাল খনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। পথে কুমিল্লা অংশে মহাসড়কের পাশে বিপুলসংখ্যক নেতাকর্মীর অবস্থান লক্ষ্য করা যায়।

দাউদকান্দি সীমান্ত এলাকায় পৌঁছালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের অনুসারীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় দলের নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন।

দাউদকান্দি টোল প্লাজা থেকে গৌরীপুর পর্যন্ত অন্তত পাঁচটি স্থানে নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ইলিয়টগঞ্জ এলাকায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মহাসড়কে নেতাকর্মীদের নিয়ে তাকে অভ্যর্থনা জানান।

পথিমধ্যে চান্দিনা, নিমসার ও আলেখারচরসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার নেতাকর্মী মহাসড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। একপর্যায়ে তিনি তার গাড়িবহর থেকে নেমে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ স্থানীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

দলীয় সূত্রে জানা যায়, কুমিল্লা অতিক্রম করে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর বাজার মাঠে একটি পথসভায় বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দাবি করেন, প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য মহাসড়কের দুই পাশে বিপুল জনসমাগম ঘটে। তার ভাষ্য অনুযায়ী, সেখানে লাখেরও বেশি নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন