ক্যাম্পাস

শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলা, বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভিসির অপসারণ দাবিতে চলমান আন্দোলনে শিক্ষক ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে

বুধবার (১৩ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মুকিত মিয়া বাদী হয়ে দুমকি থানায় মামলাটি দায়ের করেন। আজ (১৪ মে) দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে উপাচার্যের অপসারণ এবং আন্দোলনকারীদের ওপর হামলার বিচার দাবিতে আজও চতুর্থ দিনের মতো ক্যাম্পাসে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন  শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এসময় উপস্থিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণ দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারীরা জানান, হামলার বিচার ও উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

ওসি সেলিম উদ্দিন জানান,  ইতোমধ্যে এজাহারভুক্ত ১১ নম্বর আসামি ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন