২০২৭ সালের জানুয়ারির শেষে এসএসসি ও জুনে এইচএসসি: শিক্ষামন্ত্রী
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৩১ ডিসেম্বর শুরু করে ৭ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার একটি প্রাথমিক পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এ সময়সূচি এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (১৩ মে) শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামত বিবেচনায় নিয়ে এই সম্ভাব্য সময়সূচি প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষামন্ত্রী ডিসেম্বরে পরীক্ষা শুরুর ঘোষণা দিলেও শিক্ষার্থীদের পক্ষ থেকে জানুয়ারিতে পরীক্ষা নেয়ার দাবি ওঠে। এই দুই অবস্থানের সমন্বয় করতেই ৩১ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরুর প্রস্তাব তৈরি করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, জানুয়ারি মাসজুড়ে লিখিত পরীক্ষা নেয়া হবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ব্যবহারিক পরীক্ষা শেষ করা হবে।
খসড়া সময়সূচিতে ৩১ জানুয়ারির মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার লক্ষ্য ধরা হয়েছে। এরপর ১ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। রোজার সম্ভাব্য ছুটি শুরুর আগেই পুরো পরীক্ষা শেষ করার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী এক থেকে দুই দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। একই সঙ্গে ২০২৭ সালের এসএসসিতে প্রথমবারের মতো সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া ভবিষ্যতে এসএসসি ও সমমানের পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্যে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নেয়ার কথাও জানিয়েছে মন্ত্রণালয়।
বৈঠকে অংশ নেয়া এক কর্মকর্তা জানান, ৮ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে রোজার ছুটি শুরু হতে পারে। তাই তার আগেই পরীক্ষা শেষ করার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। শিক্ষামন্ত্রীর নির্দেশ অনুযায়ী ৩১ ডিসেম্বর শুরু এবং ৭ ফেব্রুয়ারি শেষ ধরে পূর্ণাঙ্গ খসড়া সময়সূচি তৈরি করা হচ্ছে, যা পরে পর্যালোচনা করা হবে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের জানুয়ারিতে পরীক্ষা নেয়ার দাবি এবং শিক্ষামন্ত্রীর ডিসেম্বরের অবস্থান—এই দুইয়ের মধ্যে সমন্বয় করেই নতুন সময়সূচি প্রস্তাব করা হয়েছে, যাতে উভয় পক্ষের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়।
এসি//