জাতীয়

মারা গেছেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী (গৃহায়ণ ও গণপূর্ত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়) বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাইহি রাজিউন)। তিনি কার্যক্রম নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। 

বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি চট্টগ্রামের মিরসরাই (চট্টগ্রাম-১) আসন থেকে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ গৃহায়ণ ও গণপূর্ত এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনর জন্ম ১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মিরসরাইূতে।বাবা মরহুম এস রহমান ছিলেন তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য। পড়াশোনায় মেধাবী এই নেতা ১৯৬৬ সালে লাহোর থেকে খনিজ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সাহসিকতার জন্য লাহোরে বাঙালি ছাত্রদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হওয়ায় তিনি ১৯৬৪ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন।তিনি ১৯৭০-এর প্রাদেশিক পরিষদের নির্বাচনে মীরসরাই আসন থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে চট্টগ্রামের সাব-সেক্টর কমান্ডার হিসেবে তিনি গেরিলাযুদ্ধের নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বপরূপ তাকে বাংলাদেশ সরকার ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজে অংশগ্রহন না করে ছেলে মাহবুব রহমান রুহেলকে আসনটি ছেড়ে দেন।

২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ওই বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক সহিংসতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা করা হয়েছিল। ধাপে ধাপে সব মামলার জামিন পেয়ে ২০২৫ সালের ১৪ আগস্ট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি কারামুক্তি পান।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে সাবেদুর রহমান সুমু বলেন, বাবার জানাজা চট্টগ্রাম শহরে হবে না। ঢাকায় একটি জানাজা হবে, তবে সেটির স্থান ও সময় এখনও নির্ধারণ করা হয়নি। বৃহস্পতিবার (১৪ মে) বাদ আসর মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন