দেশজুড়ে

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশের পর হাসপাতালে অভিযান, ৮ দালাল আটক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নির্দেশের এক দিনের মধ্যেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অভিযান চালিয়ে আট দালালকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃতরা হলেন, মো. রুমান, মো. রুবেল, ছাবিনা আক্তার নাজমা, লাবনী খানম, সুমি বেগম, মিম আক্তার, আইসা আক্তার ও হাফিজা বেগম।

মঙ্গলবার (১২ মে) দুপুরে শেবাচিম হাসপাতাল কম্পাউন্ডে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং র‍্যাব-৮-এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা বলেন, দীর্ঘদিন ধরে একটি দালালচক্র সরকারি হাসপাতাল থেকে রোগীদের ভুল বুঝিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাচ্ছিল।

এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন