স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৪ ছাত্রী নিখোঁজ
পটুয়াখালীর বাউফলে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর চার স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজ কিশোরীরা হলো-সানজিদা আক্তার (১২), ইসমত জেরিন (১২), সানজিদা আক্তার রাইসা (১৩) ও আয়শা আক্তার (১৫)।
রোববার (১০ মে) উপজেলার নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়নে নিখোঁজরা নিজ নিজ বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বেরিয়ে যায়। গতকালই তাদের পরিবারের থানায় সাধারণ ডায়েরী (জিডি) করে। জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা বিষয়টি আজ (১১ মে) নিশ্চিত করেছেন।
নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ সানজিদা ও জেরিন নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। রাইসা একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে। অপরদিকে আয়শা আক্তার অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।
নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, নিখোঁজ তিন শিক্ষার্থী সেদিন শ্রেণিকক্ষে অনুপস্থিত ছিল। পরে বিকেলে অভিভাবকদের মাধ্যমে তারা জানতে পারেন, শিক্ষার্থীরা বিদ্যালয়ের কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর সহপাঠীদের সঙ্গে কথা বলে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তাদের পাওয়া যায়নি।
নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানান, প্রথমে বিদ্যালয়ে এবং পরে আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজ করেও তাদের সন্ধান মেলেনি। পরে রাতে বাউফল থানায় সাধারণ ডায়েরি করা হয়।
এসআই গোলাম মোস্তফা বলেন, নিখোঁজ ছাত্রীদের সঙ্গে কোনো মুঠোফোন নেই। ফলে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে, বাস ও লঞ্চসহ বিভিন্ন পরিবহনে খোঁজ নেওয়া হয়েছে। তাদের উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে নিখোঁজের একদিন পরেও কোন খোঁজ না পাওয়া এ ছাত্রীদের পরিবারের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করেছে।
আই/এ