লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩৯
লেবাননে ইসরাইলের টানা বিমান হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার (০৯ মে) দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানায়, দক্ষিণাঞ্চলীয় সাকসাকিয়েহ শহরে ইসরাইলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন, যাদের মধ্যে তিন শিশু রয়েছে।
অন্যদিকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা হিজবুল্লাহর সামরিক স্থাপনা ও সদস্যদের লক্ষ্য করে অভিযান চালিয়েছে। বেসামরিক হতাহতের খবর সম্পর্কে তারা অবগত রয়েছে বলেও জানিয়েছে আইডিএফ।
গেল ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও এরপর থেকেই সীমান্তে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরাইল। সাকসাকিয়েহ ছাড়াও নাবাতিয়েহ এলাকায় মোটরসাইকেলে থাকা এক সিরীয় নাগরিক ও তার ১২ বছর বয়সী মেয়েকে লক্ষ্য করেও হামলার ঘটনা ঘটে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, প্রথম হামলার পর আহত বাবা-মেয়ে সরে যাওয়ার চেষ্টা করলে দ্বিতীয় দফায় আবার হামলা চালানো হয়। এতে বাবা নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে হাসপাতালে নেওয়া হয়। পরে শিশুটির ওপর তৃতীয়বারের মতো ড্রোন হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেছে বৈরুত।
এদিকে হিজবুল্লাহও উত্তর ইসরাইলে ড্রোন হামলা চালিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, ওই হামলায় তাদের তিন সেনা আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা গুরুতর।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গেল এক সপ্তাহে ইসরাইলি হামলায় দেশটিতে ১২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তবে নিহতদের মধ্যে কতজন যোদ্ধা এবং কতজন বেসামরিক নাগরিক, তা আলাদা করে উল্লেখ করা হয়নি।
বর্তমানে লেবানন সীমান্তবর্তী কিছু এলাকা ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ইসরাইলের দাবি, উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে তারা হিজবুল্লাহমুক্ত নিরাপত্তা বলয় গড়ে তুলছে। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, সীমান্তবর্তী গ্রামগুলো ধ্বংসের যে অভিযান চলছে, তার কিছু অংশ যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে।
উল্লেখ্য, গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা চালানোর পর ২ মার্চ হিজবুল্লাহ ইসরাইলে রকেট ও ড্রোন হামলা শুরু করে। এর জবাবে মার্চের শুরুতে দক্ষিণ লেবাননে পুনরায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২ মার্চ থেকে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ২ হাজার ৭৯৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরাইলের দাবি, এ সময় দক্ষিণ লেবাননে তাদের ১৭ সেনা ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। উত্তর ইসরাইলেও নিহত হয়েছেন আরও দুই বেসামরিক ব্যক্তি।
এমএ//