দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত অন্তত ১৫
চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে নিহত কারও নাম পরিচয় জানা যায়নি।
শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, চট্টগ্রামগামী মারসা পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় কক্সবাজারগামী বাসটি সড়কের পূর্ব পাশে একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। দুর্ঘটনায় বাস দুটির সামনের অংশ ব্যাপকভাবে দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
পরবর্তীতে লোহাগাড়া ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার পর্যন্ত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী জানান, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আই/এ