সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই উচ্ছেদ অভিযান, রেলের জমি উদ্ধারে মাঠে কর্তৃপক্ষ
গাজীপুরের কালিয়াকৈরে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের একদিনের মধ্যেই বুধবার (০৬ মে) সকালে মাটিকাটা রেলগেট থেকে রতনপুর রেলগেট বটতলা পর্যন্ত এলাকায় ব্যাপক উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে রেললাইনের পাশে নির্মিত শতাধিক টিনশেড ঘর, দোকান ও অন্যান্য স্থাপনা ভেঙে ফেলা হয়। এতে দীর্ঘদিন ধরে দখলে থাকা সরকারি জমির বড় একটি অংশ পুনরুদ্ধার হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
মাঠ পর্যায়ে দেখা যায়, রেলওয়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সমন্বিতভাবে অভিযানটি চালানো হয়। এতে নেতৃত্ব দেন পাকশী বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।
অভিযান চলাকালে তিনি বলেন, “বাংলাদেশ রেলওয়ের জমি কেউ দখল করে রাখতে পারবে না। লাইসেন্স থাকলেও সেখানে বসতঘর নির্মাণের সুযোগ নেই। উচ্ছেদের পর পুনরায় দখলের চেষ্টা হলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রেলের জমি দখল করে ঘর নির্মাণ ও ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত ছিল। সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশের পর দ্রুত পদক্ষেপ নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
তবে সচেতন মহল মনে করছে, কেবল উচ্ছেদ নয়—দখল বাণিজ্যের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। অন্যথায় কিছুদিন পর আবারও একই পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এমএ//