দেশজুড়ে

মৌমাছির কামড়ে জামায়াতের ৩ নেতাকর্মী আহত

কুড়িগ্রামের উলিপুরে মৌমাছির কামড়ে জামায়াতের তিন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন বজরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম (৩৫), ওলামা বিভাগের সভাপতি ফিরোজ হোসেন (৩৭) এবং জামায়াত কর্মী তোজাম্মেল মিয়া (৪৭)। তারা সবাই মধ্য বজরা গ্রামের বাসিন্দা। 

সোমবার (৪ মে) বিকেলে উপজেলার বজরা ইউনিয়নের বীররহিম গ্রামের রব্বানি মিয়ার বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে। বজরা ইউনিয়ন জামায়াতের সভাপতি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত এমপি সালেহীর একটি কর্মসূচিতে যাওয়ার পথে রব্বানি মিয়ার বাড়ির সামনে পৌঁছামাত্র তিন জামায়াত নেতাকর্মী হঠাৎ মৌমাছির আক্রমণের শিকার হন। এ সময় মোটরসাইকেল থেকে নেমে তারা দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। সেখানে আগুন জ্বালিয়ে মৌমাছির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেন। ততক্ষণে মৌমাছির কামড়ে তিন জন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন