শিশুকে ধর্ষণের চেষ্টা, মাদরাসা শিক্ষক আটক
জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেনিতে পড়ুয়া ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাইদুর রহমান (৪৫) নামে এক মাদরাসা শিক্ষককে আটক করা হয়েছে। আটক শিক্ষক উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সাকোঁয়াপাড়া গ্রামের জুরান আলী মিস্ত্রির ছেলে। তিনি সাকোঁয়া পাড়া মদিনাতুল উলুম মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক হিসেবে কর্মরত।
সোমবার (৪ মে) দুপুরে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করে। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা এ ঘটনায় থানায় অভিযোগ করেছে বলে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, ওই শিশু মদিনাতুল উলুম নূরানি মডেল মাদরাসায় তৃতীয় শ্রেণিতে পড়ে। সাইদুর রহমান গত ২৬ এপ্রিল দুপুরে তার নিজ বাড়িতে ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে ঘর থেকে ওই শিশুটি দৌড়ে বাড়িতে চলে যায়।
বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে আটক করে।
আই/এ