সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ৮ নির্মাণ শ্রমিক
সিলেটের দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আট নির্মাণ শ্রমিকের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
রোববার (০৩ মে) সকাল প্রায় ৬টার দিকে তেলিবাজার ব্রিজসংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার সুজাত আলীর ছেলে মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে মো. ফরিদুল (৩৫)। অন্য ৪ জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
আহতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের রফিক মিয়ার ছেলে মো. আলমগীর (৩২), সিলেট নগরের কালিবাড়ি এলাকার মৃত শুকুর উল্লাহর ছেলে তোরাব উল্লাহ (৬০), আম্বরখানার লোহারপাড়ার মৃত আলিম উদ্দিনের ছেলে রামিন (৪০) ও একই এলাকার মল্লিক মিয়ার ছেলে আফরোজ মিয়া (৪০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা গ্রামের খোকন মিয়ার মেয়ে রাভু আক্তার (২৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাউমারা গ্রামের বদরুজ্জামানের মেয়ে হাফিজা বেগম (৩০) এবং দিরাই উপজেলার ভাটিপাড়ার জফুর আলীর ছেলে রাজা মিয়া (৪৫)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির জানান, রোববার সকাল প্রায় ৬টার দিকে সিলেট থেকে একটি ডিআই পিকআপে করে কয়েকজন নির্মাণ শ্রমিক কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জে যাচ্ছিলেন। পথে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় চট্টগ্রাম থেকে আসা কাঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই চার শ্রমিক নিহত হন। পরে গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরও চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
তিনি আরও জানান, আহত আরও কয়েকজন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। দুর্ঘটনার পর পিকআপ ও ট্রাকচালক দুজনই পালিয়ে গেছেন। তাদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। একইসঙ্গে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এসি//