রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের মৃত্যু
পাবনার ঈশ্বরদী উপজেলার নতুনহাট সংলগ্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটি আবাসিক এলাকায় ব্যায়াম করার সময় চুরকিন ভ্লাদিমির (২৫) নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি প্রকল্পটির এটম টেকনিক্যাল এনারগো কোম্পানিতে কর্মরত ছিলেন।
শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যায়াম করার সময় হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত তাকে গ্রিন সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানার হিমঘরে সংরক্ষণ করেছে। শনিবার (২ মে) ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান মো. আসাদুর রহমান।
এসি//