দেশজুড়ে

আবাসিক হোটেলে মিলল বৃদ্ধের বিবস্ত্র মরদেহ

কক্সবাজারের একটি আবাসিক হোটেল কক্ষ থেকে অর্জুন দাশ (৬০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের এন্ডারসন রোডের হোটেল নিশীথার ৪০৮ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অর্জুন দাশ ফেনী জেলার শ্রীধাম চন্দ্র দাশের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল অর্জুন দাশ এক অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে ওই হোটেল কক্ষটি তিন দিনের জন্য ভাড়া নেন। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও কক্ষ থেকে কোনো সাড়া না মেলায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ তৈরি হয়। পরে বুধবার বিকেলে কক্ষের সামনে গেলে ভেতর থেকে তীব্র দুর্গন্ধ পাওয়া যায়। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। দীর্ঘ সময় কক্ষে পড়ে থাকায় মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকালে মরদেহটি নগ্ন অবস্থায় পাওয়া যায় এবং পাশ থেকে একটি গামছাও জব্দ করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, নিহতের সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তিকে শনাক্তে হোটেলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এসি//

 
 

এ সম্পর্কিত আরও পড়ুন