সংসদ চলাকালে হঠাৎ অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী দলীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশার। পরে অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে দ্রুত অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেয়া হয়। সেখানে উপস্থিত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের ২৪ তম দিনের কার্যক্রম চলাকালে প্রথম পর্বে বেলা ১টা ৪০ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন।
ওই সময় রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা চলছিল। আলোচনা করছিলেন বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
হঠাৎ এমপি রবিউল বাশারের অসুস্থতার ঘটনায় সংসদ কক্ষে কিছু সময়ের জন্য উৎকণ্ঠা তৈরি হয়। পরিস্থিতি টের পেয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বক্তব্য থামিয়ে বিষয়টি সংসদকে অবহিত করেন। এরপর সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা দ্রুত তাকে সহায়তায় এগিয়ে যান।
স্পিকার জানান, একজন সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন এবং চিকিৎসকের সহায়তা প্রয়োজন। পরে সংসদ লবিতে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পরে জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ এই সংসদ সদস্যের খোঁজখবর নেন এবং তার প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন।
এ সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপরা উপস্থিত ছিলেন।
এসি//