বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার
শ্রীলঙ্কার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা উদ্ধার এবং ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। দেশটির কাস্টমস বিভাগ এই অভিযান পরিচালনা করে।
শনিবার (২৫ এপ্রিল) থাইল্যান্ড থেকে আসা একটি ফ্লাইট কলম্বোতে অবতরণের পর যাত্রীদের লাগেজ তল্লাশি করা হয়। এ সময় প্রতি ভিক্ষুর লাগেজ থেকে প্রায় ৫ কেজি করে গাঁজা উদ্ধার করা হয়। মাদকগুলো লাগেজের ভেতরে বিশেষভাবে তৈরি গোপন অংশে লুকানো ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গ্রেপ্তার হওয়া ভিক্ষুরা বিভিন্ন মঠের ছাত্র ছিলেন। জানা গেছে, তারা অজ্ঞাত এক দাতার অর্থায়নে চার দিনের জন্য সব খরচসহ থাইল্যান্ড ভ্রমণে গিয়েছিলেন। পরে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কলম্বোর একটি উপশহর থেকে আরও একজন ভিক্ষুকে গ্রেপ্তার করা হয়, যিনি সফরটির মূল আয়োজনকারী বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ওই ভিক্ষু অন্যদের জানিয়েছিলেন যে লাগেজে থাকা প্যাকেটগুলো দানের সামগ্রী এবং সেগুলো একটি ভ্যান এসে সংগ্রহ করবে।
শ্রীলঙ্কা পুলিশের মাদকদ্রব্য দমন ব্যুরো কয়েকজন ভিক্ষুর মোবাইল ফোন থেকে ছবি ও ভিডিও উদ্ধার করেছে, যেখানে তাদের থাইল্যান্ডে সাধারণ পোশাকে অবকাশযাপন করতে দেখা গেছে।
পুলিশের ধারণা, আটক ভিক্ষুরা হয়তো জানতেন না যে তাদের লাগেজে মাদক লুকানো ছিল। উদ্ধার হওয়া গাঁজাগুলো স্কুল সরঞ্জাম ও মিষ্টির প্যাকেটের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানানো হয়েছে। এটি শ্রীলঙ্কায় বিমানবন্দর দিয়ে ভিক্ষুদের মাধ্যমে মাদক পাচারের প্রথম বড় ধরনের গ্রেপ্তার হিসেবে বিবেচিত হচ্ছে।
এসি//