যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টিও মারা গেছেন
যুক্তরাষ্ট্রে আট দিন ধরে নিখোঁজ থাকা বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যার শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত।
শনিবার (২৫ এপ্রিল) সকালে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। পরে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, পুলিশ ফোনে তাকে মৃত্যুর খবর জানায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বাসার ভেতরে রক্তাক্ত অবস্থায় পাওয়া দেহের একটি অংশের সঙ্গে ডিএনএ মিলেছে। তবে পুরো মরদেহ উদ্ধার করা যাবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে একই ঘটনায় নিখোঁজ আরেক শিক্ষার্থী জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার ট্যাম্পায় হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধারের কথা জানানো হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে জামিলের রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬) কে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নাহিদা ও জামিল দুজনই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পায় অবস্থিত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন। জামিল লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে গবেষণা করছিলেন, আর নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন।
বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্য অনুযায়ী, তাদের সর্বশেষ দেখা যায় ১৬ এপ্রিল। সেদিন সকাল ৯টার দিকে জামিলকে তার ছাত্রাবাসের কাছে দেখা যায়, আর নাহিদাকে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা গিয়েছিল। এরপর থেকেই তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সহপাঠী ও পরিচিতরা।
এসি//