আন্তর্জাতিক

হাতুড়ি দিয়ে যিশু খ্রিস্টের মূর্তি ভাঙলেন ইসরাইলি সেনা, ক্ষোভে ফুঁসছে বিশ্ব

যুদ্ধক্ষেত্রের বাইরে এক ছবি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে—দক্ষিণ লেবাননে যিশু খ্রিস্টের একটি মূর্তি হাতুড়ি দিয়ে ভাঙছেন ইসরাইলি এক সেনা, এমন দাবি করা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

এই ঘটনার পর সোমবার (২০ এপ্রিল) এক বিবৃতিতে  ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ছবিটির সত্যতা নিশ্চিত করে জানায়, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করা হয়।

স্থানীয় খ্রিস্টানদের দাবি, ভাঙা মূর্তিটি দক্ষিণ লেবাননের দেবেল গ্রামে অবস্থিত। গ্রামটি মারোনাইট খ্রিস্টান অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত, যা আইন এবেল থেকে প্রায় ছয় কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং  ইসরাইল সীমান্তবর্তী শতুলা এলাকা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত।

ছবিটি ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

ইসরাইলি পার্লামেন্টের ফিলিস্তিনি সদস্য আয়মান ওদেহ কটাক্ষ করে বলেন, হয়তো বলা হবে সেনাটি যিশুর কারণে হুমকি অনুভব করেছিল।

অন্যদিকে নেসেট সদস্য আহমদ তিবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, গাজায় মসজিদ ও গির্জা ধ্বংসের ঘটনা এবং জেরুজালেমে খ্রিস্টান ধর্মযাজকদের ওপর হামলার মতো ঘটনার বিচার না হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।

এদিকে মিডল ইস্ট আই–এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ও অধিকৃত পশ্চিম তীরজুড়ে খ্রিস্টান সম্প্রদায় ক্রমবর্ধমান হামলার মুখে রয়েছে। দৈনন্দিন হয়রানি থেকে শুরু করে ধর্মীয় স্থাপনা ধ্বংসের অভিযোগও রয়েছে।

ধর্মযাজকদের দাবি, তাদের ওপর শারীরিক হামলা ও থুতু নিক্ষেপের ঘটনাও ঘটেছে। পাশাপাশি গির্জা, কবরস্থানসহ খ্রিস্টান ধর্মীয় স্থাপনা ভাঙচুরের শিকার হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এসব ঘটনার সঙ্গে প্রায়ই অতি-অর্থডক্স ইহুদি, ধর্মীয় জাতীয়তাবাদী গোষ্ঠী ও অবৈধ বসতি স্থাপনকারীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তবে অনেক ক্ষেত্রেই কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ রয়েছে, যা নিয়ে ইসরাইলি পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা বাড়ছে।

সূত্র: আল জাজিরা, মিডল ইস্ট আই

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন