আন্তর্জাতিক

মার্কিন হামলার পাল্টা জবাব ইরানের, মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা

ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় চারজন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বুধবার (০২ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর কথা জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তাদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাম্প্রতিক হামলার চেষ্টার জবাব হিসেবে এসব হামলা চালানো হয়েছে।

তবে ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় সিরিকে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর একটি বাড়িতে চলা বিয়ের অনুষ্ঠানে ছিটকে আসা ধাতব টুকরার আঘাতে চারজন নিহত হন। নিহতদের মধ্যে চার বছরের একটি শিশুও রয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। হামলায় আহত হয়েছেন ৫০ জনের বেশি।

এর পরপরই ইরান ইরাক ও জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। কুয়েত ও বাহরাইনেও ইরানি হামলার খবর পাওয়া গেছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সিরিকে হামলার প্রতিশোধ হিসেবে জর্ডানের আকাবায় একটি মার্কিন মেরিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ১৩টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। এর মধ্যে ১০টি ধ্বংস করা হয় এবং বাকি তিনটি জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। বাহরাইনেও হামলার পর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে ইরানের আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রকে এসব হামলার জন্য মূল্য দিতে হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান পাল্টা হামলা চালালে ওয়াশিংটন আরও কঠোর ও বড় পরিসরে জবাব দেবে।

সেন্টকম জানায়, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে আইআরজিসির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। বুধবার ভোরের দিকে অভিযান শেষ হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, সিরিক ছাড়াও চাবাহার, কোনারাক ও জিরোফত বিমানবন্দর এলাকায় হামলা হয়েছে। কেশম দ্বীপ ও বন্দর আব্বাসেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানানো হয়েছে।

সিরিকে বেসামরিক হতাহতের বিষয়ে ইরানি গণমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত বলে জানিয়েছেন মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স। তবে তিনি দাবি করেন, মার্কিন বাহিনী কখনো বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন