আন্তর্জাতিক

হরমুজ প্রণালি ব্যবস্থাপনায় নতুন নীতি আনছে ইরান

ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে তেহরান প্রচলিত কোনো শুল্ক আরোপ করবে না। তবে জলপথটির নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা ফি বা মাশুল আদায়ের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, এ বিষয়ে বর্তমানে ইরানি সংসদ একটি খসড়া আইন প্রণয়ন করছে, যেখানে প্রণালির নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য নির্ধারিত মাশুল কাঠামো নির্ধারণ করা হবে। পাশাপাশি, এই জলপথে চলাচলের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে এখন থেকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

ইব্রাহিম রেজায়ির ভাষ্য অনুযায়ী, শত্রুভাবাপন্ন সামরিক জাহাজ—বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কোনো নৌযান—এই প্রণালি ব্যবহারের অনুমতি পাবে না। তবে বন্ধুভাবাপন্ন দেশের জাহাজগুলো ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে চলাচল করতে পারবে।

তিনি আরও স্পষ্ট করেন, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা বা নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের কোনো ধরনের ভূমিকা ইরান গ্রহণ করবে না।

এর আগে ইরানি সংবাদ সংস্থা ইসনা জানায়, সরকারি কর্মকর্তা মাহমুদ নবভিয়ান কিছু বাণিজ্যিক জাহাজকে শুল্ক প্রদানের মাধ্যমে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতির কথা উল্লেখ করেছিলেন। তিনি এ জলপথ উন্মুক্ত করার বিষয়টি লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে যুক্ত করেছিলেন, যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের কোনো সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করেছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন