অর্থনীতি

সবজির বাজারে অস্বস্তি, কমেছে মুরগির দাম

তেল সংকট, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং সরবরাহ ঘাটতির কারণে দেশের সবজির বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। ভরা মৌসুমেও অধিকাংশ সবজির দাম ১০০ টাকার ওপরে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় আলু, পেঁপে ও গাজর ছাড়া প্রায় সব সবজির দাম ‘সেঞ্চুরি’ ছুঁয়েছে বা অতিক্রম করেছে। পটল কেজি ১০০ টাকা, কাঁকরোল ১৬০ টাকা, বেগুন ১০০-১৪০ টাকা, ঝিঙ্গা, ধুন্দুল, করলা, শসা ও বরবটি-সবই ১০০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে। চিচিঙ্গা ৮০ টাকা হলেও সেটিও স্বাভাবিকের তুলনায় বেশি।

এছাড়া তুলনামূলক কম দামের সবজির মধ্যেও চাপ রয়েছে। মূলা ও টমেটো কেজি ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, লাউ প্রতিটি ৬০-৭০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কচুর লতি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষ। ক্রেতাদের অভিযোগ, সপ্তাহের সবজির বাজার করতে ৩০০-৫০০ টাকায় আর কুলাচ্ছে না।

বিক্রেতারা জানান, মৌসুম শেষ হওয়া, পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়া এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় দাম বাড়ছে।

তবে কিছুটা স্বস্তি রয়েছে মুরগি ও ডিমের বাজারে। ব্রয়লার মুরগি কেজি ১৮০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম কিছুটা কমে ৩৮০-৪০০ টাকায় নেমেছে, যা আগে ৪৫০ টাকা পর্যন্ত উঠেছিল। ডিমের দামও তুলনামূলক স্থিতিশীল, প্রতি ডজন ১১৫-১২০ টাকা।

এদিকে, গরুর মাংসের দাম এখনও নিম্নমধ্যবিত্তদের নাগালের বাইরে। বাজারে প্রতিকেজি গরুর মাংস ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন