দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত আছে এখন: জ্বালানি প্রতিমন্ত্রী
দেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (১৭ এপ্রিল) ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে এবং বর্তমানে কোনো ঘাটতির আশঙ্কা নেই। এপ্রিল ও মে মাসের জন্য দেশের প্রয়োজনীয় জ্বালানির পূর্ণ মজুত রয়েছে এবং জুন মাসের চাহিদা বিবেচনায় রেখে অতিরিক্ত মজুত নিশ্চিত করার প্রক্রিয়াও চলছে।
তিনি আরও জানান, জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে পরিশোধন করা হবে।
এর আগে ১৫ এপ্রিল জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরীও জানান, দেশে অকটেন ও পেট্রোলের অন্তত দুই মাসের মজুত রয়েছে।
তবে বাস্তব পরিস্থিতিতে কিছুটা ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং হরমুজ প্রণালিতে অবরোধের প্রভাব দেশের বাজারেও পড়েছে। দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে অকটেন ও পেট্রোলের জন্য দীর্ঘ সারি দেখা যাচ্ছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি।
এমএ//