আইন-বিচার

নির্ধারিত সময়ে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে বাধা নেই

আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।  নির্ধারিত দিনেই এনটিআরসিএর এই পরীক্ষা হতে এখন আর বাধা থাকছে না।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

এর আগে আজ দুপুরে এক রিট আবেদনের প্রেক্ষিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করেছিলেন হাইকোর্ট।

বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জানা গেছে, গত ২৯ জানুয়ারি ইস্যুকৃত বিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩,৫৫৯টি প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী প্রার্থীদের আবেদন আহবান করা হয়। এক্ষেত্রে শিক্ষকদের ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়।

কিন্তু আবেদনপত্র দাখিল করার ১৯ (উনিশ) দিন পরে স্কুল ও কলেজ এবং ২৫ (পঁচিশ) দিন পরে ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, টেকনোলজি ও ডিপ্লোমা এবং মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত জনবল কাঠামো ও এমপিও নীতিমালার পরিবর্তন এনে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান সকল পদে শিক্ষকদের ১৮ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়।

এ প্রেক্ষিতে দেশের বিভিন্ন এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১১৪ জন আবেদনকারী রিটে নিয়োগ পরীক্ষা স্থগিতের আবেদন করেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন