রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মনোয়ার হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
আইনমন্ত্রী জানান, এর আগেও অন্তর্বর্তী সরকার এ ধরনের মামলা প্রত্যাহারের জন্য একটি কমিটি গঠন করেছিল। তবে সেই কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি।
তিনি আরও বলেন, চলতি বছরের ৫ মার্চ জেলা প্রশাসককে সমন্বয়ক করে জেলা পর্যায়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির দায়িত্ব হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের হওয়া হয়রানিমূলক মামলাগুলো যাচাই করে প্রত্যাহারের জন্য সুপারিশ প্রদান করা।
জেলা পর্যায়ের সুপারিশগুলো যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এই কেন্দ্রীয় কমিটি জেলা কমিটির পাঠানো প্রস্তাবগুলো পর্যালোচনা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম এগিয়ে নিচ্ছে।
আইনমন্ত্রী বলেন, সংসদ সদস্যসহ যে কোনো ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও হয়রানিমূলক মামলার ক্ষেত্রে নির্ধারিত নিয়মে আবেদন করা হলে তা সংশ্লিষ্ট জেলা ও কেন্দ্রীয় কমিটি পর্যালোচনা করবে। পর্যালোচনায় অভিযোগের সত্যতা না থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক কারণে হয়রানির শিকার ব্যক্তিদের প্রতিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এসি//