জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী
জুলাই সনদের সব ধারা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মতভেদ থাকলে আলোচনা হতে পারে, তবে একতরফা অবস্থান গ্রহণ গ্রহণযোগ্য নয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলে মওলানা আবদুল হামিদ খান ভাসানী-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারের ভূত বর্তমান বিরোধীদলের ওপর আছর করেছে। জুলাই সনদ নিয়ে এত দরদ হলে কেন সনদে আগে স্বাক্ষর করেনি? যারা জনগণের কর্মসূচি বাধাগ্রস্ত করবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করবে বিএনপি।
তিনি আরও বলেন, বিরোধী পক্ষ পরিস্থিতি ঘোলাটে করতে চায়। স্বৈরাচার চলে গেলেও স্বৈরাচারের ভূত রয়ে গেছে। অন্য কোনো দেশ নয়, বাংলাদেশই আমাদের শেষ ঠিকানা।
পরে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমন্ত্রণে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে নববর্ষকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন পরিবেশনায় উপস্থিত থেকে তিনি শুভেচ্ছা জানান।