পোপের কাছে ক্ষমা চাইবেন না ট্রাম্প
ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিও চতুর্দশের কাছে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে যিশু খ্রিস্টের আদলে তৈরি একটি এআই-নির্ভর মিম সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার বিষয়ে তিনি ব্যাখ্যাও দিয়েছেন।
সম্প্রতি ইরান যুদ্ধ ইস্যুতে পোপ লিও শান্তির আহ্বান জানালে তার কড়া সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, পোপ ভালো কাজ করছেন না। এর জবাবে সোমবার (১৩ এপ্রিল) পোপ লিও জানান, তিনি ট্রাম্প প্রশাসনকে ভয় পান না।
এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প সামাজিক মাধ্যমে একটি বিতর্কিত মিম পোস্ট করেন, যেখানে তাকে যিশুর মতো রূপে উপস্থাপন করা হয়।
পরবর্তীতে এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প দাবি করেন, তিনি ভেবেছিলেন ছবিটিতে তাকে একজন চিকিৎসক হিসেবে দেখানো হয়েছে।
ছবিটিতে দেখা যায়, বাইবেলে বর্ণিত পোশাক পরে বিছানায় শুয়ে থাকা এক ব্যক্তির গায়ে হাত রাখছেন ট্রাম্প। তার হাত থেকে উজ্জ্বল আলো বের হচ্ছে। পাশে থাকা একজন সৈনিক, নার্স, প্রার্থনারত নারী এবং বেসবল ক্যাপ পরা এক ব্যক্তি ট্রাম্পের দিকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে আছেন। ওপরের আকাশে ঈগল পাখি, আমেরিকার পতাকা এবং মেঘের অবয়ব দেখা যাচ্ছে।
ছবিটি প্রসঙ্গে সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি এটি পোস্ট করেছি ঠিকই, তবে আমি ভেবেছিলাম ছবিতে আমাকে একজন চিকিৎসক হিসেবে দেখানো হয়েছে এবং এর সঙ্গে রেড ক্রসের সম্পর্ক আছে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ছবিতে আমাকে একজন চিকিৎসক হিসেবে তুলে ধরার কথা ছিল। সত্য কথাটি হলো- আমি মানুষকে অনেক বেশি সুস্থ করে তুলি।’
ছবিটি নিয়ে বিভ্রান্তির জন্য ‘ভুয়া খবরকে’ দায়ী করেন ট্রাম্প। তবে তার সমর্থকরাও ছবিটির সমালোচনা করেছেন। তারা বলছেন, এর মাধ্যমে ট্রাম্প নিজেকে যিশুর সঙ্গে তুলনা করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। এমনকি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও পোপের পক্ষ নিয়ে এই ঘটনাকে ‘যিশুর অবমাননা’ বলে অভিহিত করেছেন।
স্থানীয় সময় সোমবার সকালে ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে পোস্টটি ডিলিট করা হয়। তবে এর কারণ নিয়ে ট্রাম্প সাংবাদিকদের বিস্তারিত কিছু বলেননি।
‘ক্ষমা চাইব না’
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ক্যাথলিক চার্চের প্রধান সম্পর্কে ট্রাম্প বলেন, ‘ইরান নিয়ে আমি যা করছি, পোপ সেটির বিরোধিতা করছেন। কিন্তু আপনি কোনোভাবেই একটি পারমাণবিক শক্তি সম্পন্ন ইরানকে মেনে নিতে পারেন না।’
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হয় অপরাধ দমনসহ অন্যান্য বিষয়ে তিনি (পোপ) অত্যন্ত দুর্বল। তাই আমি ক্ষমা চাইছি না।’
রিপাবলিকান প্রেসিডেন্টের দাবি, পোপ নিজে থেকেই কথা বলছেন। তিনি শুধু সেগুলোর জবাব দিচ্ছেন।
এসি//