কক্সবাজারে দুর্বৃত্তদের হামলা থেকে বিদেশী পর্যটকদের উদ্ধার
কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চরে সমুদ্রপথে ভ্রমণরত নিউজিল্যান্ডের একদল পর্যটকের ওপর দুষ্কৃতিকারীদের হামলার ঘটনা ঘটেছে। তবে খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নিউজিল্যান্ডের নাগরিক মি. জন এডওয়ার্ড পাডনি তাঁর পরিবারের চার সদস্যকে নিয়ে বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ২০২৪ সালে টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। নিজস্ব পরিকল্পনার অংশ হিসেবে তারা একটি কাঠের বোট বা ট্রলারের মাধ্যমে সমুদ্রপথে বিশ্বভ্রমণে বের হওয়ার উদ্যোগ নেন।
বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্ট গার্ড নিরাপত্তাজনিত ঝুঁকি পর্যালোচনা করে তাদের এ ধরনের সমুদ্রযাত্রা থেকে নিরুৎসাহিত করে। একই সঙ্গে গত ১ মার্চ তাদের প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে পাসপোর্ট যাচাইয়ে দেখা যায়, তাদের পাসপোর্টের মেয়াদ গত ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে উত্তীর্ণ হয়েছে।
কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে তারা কক্সবাজার জেলার মহেশখালীর সোনাদিয়া চরে বোটসহ অবস্থান করছিলেন। এ অবস্থায় গত ৮ এপ্রিল রাতে একদল দুষ্কৃতিকারী তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
খবর পরপরই বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ সময় তারা পর্যটকদের জীবিত উদ্ধার করে। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করে পর্যটকদের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত পর্যটকদের বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।
আই/এ