আইন-বিচার

অস্ত্র মামলায়

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

রাজধানীর আদাবর থানার অস্ত্র আইনের একটি মামলায় ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। এর আগে গেল রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজকের দিন রায়ের জন্য নির্ধারণ করা হয়েছিল।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব-২। এ সময় পালানোর চেষ্টা করলে ফয়সাল করিমকে আটক করা হয়। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরদিন আদাবর থানায় র‌্যাবের হাবিলদার মশিউর রহমান অস্ত্র আইনে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, ফয়সাল করিম এলাকায় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

তদন্ত শেষে ২০২৫ সালের ২৮ মার্চ আদাবর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

উল্লেখ্য, গেল বছরের ১৭ নভেম্বর পর্যন্ত ফয়সাল করিম এ মামলায় জামিনে ছিলেন। এরপর ওসমান হাদি হত্যার ঘটনার পর তিনি পলাতক ছিলেন। এরপর গেল মাসে তিনি ভারতে গ্রেপ্তার হন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন