লেবাননে সংঘটিত অপরাধের জন্য ইসরাইলকে ‘শাস্তি’ দেয়া হবে: ইরান
লেবাননে ইসরাইলের হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এসব ঘটনার জবাবে ইসরাইলকে ‘শাস্তি’ দেওয়া হবে।
বুধবার (০৮ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতি পুরো অঞ্চলের জন্য প্রযোজ্য। কিন্তু ইসরাইল বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে, যা শক্তি প্রয়োগ ছাড়া থামানো সম্ভব নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক সূত্রের বরাতে ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধবিরতি ভঙ্গের জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে তেহরান।
এদিকে লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক বিমান হামলায় শহরের অন্তত ৯টি এলাকায় আঘাত হেনেছে ইসরাইলি বাহিনী।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক হিসাব অনুযায়ী ইসরাইলের হামলায় দেশটিতে অন্তত ৮৭ জন নিহত হয়েছেন। এছাড়া ৭০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (এনআরসি) প্রধান জান ইগেল্যান্ড জানিয়েছেন, বৈরুতসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও হতাহতের ঘটনা ঘটছে। সংঘাত থামাতে সব পক্ষকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
তিনি বলেন, লেবানন থেকেও সামরিক কার্যক্রম বন্ধ করা জরুরি। একই সঙ্গে যুদ্ধবিরতির সুযোগকে স্থায়ী শান্তির পথে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
এমএ//