ইরানে আরো একজনের মৃত্যুদন্ড কার্যকর
ইরানে একটি সামরিক স্থাপনায় হামলার চেষ্টার অভিযোগে আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘ইসনা ’ বিচার বিভাগের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। দন্ডিত ব্যক্তির নাম আলী ফাহিম। একই অভিযোগে গতকাল রোববারও দুইজনের ফাঁসি কার্যকর করা হয়েছিল।
ইসনার প্রতিবেদনে জানানো হয়েছে, জানুয়ারি মাসে একটি সামরিক স্থাপনায় অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছিল। সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে দণ্ডাদেশ বহাল রেখেছে।
ইরানে,ধারাবাহিকভাবে মৃত্যুদণ্ড কার্যকরের তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এই বিচার প্রক্রিয়াকে ‘অমানবিক’ বলে অভিহিত করেছে সংস্থাগুলো। মানবাধিকার কর্মীরা দাবি করছেন, অনেক ক্ষেত্রে অভিযুক্তদের নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ইরানে অর্থনৈতিক সংকট দেখা দেয়ায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ পরে সরকারবিরোধী আন্দোলনে পরিনত হয়। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই ছিল ইরানের অন্যতম রক্তক্ষয়ী সংঘাত।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও সংস্থা দাবি করেছে, বিক্ষোভ দমনে সরকারি দমন-পীড়নে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। সেই উত্তাল পরিস্থিতিতে সামরিক স্থাপনায় হামলার চেষ্টা হয়েছিলো।