যারা গণভোট মানবে না তারা মোনাফেক : শিশির মনির
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির বলেছেন, বিএনপি গণভোটে হ্যাঁ-এর পক্ষে ক্যাম্পেইন করে এখন যদি ৫১ শতাংশের ক্ষমতাবলে ৭০ শতাংশের মতামতকে বাতিল করতে চায় তাহলে সেটা হবে জাতির সঙ্গে চরম প্রতারণা। যারা গণভোট মানবে না তারা মোনাফেক।
রোববার (৫ এপ্রিল) দুপুরে বগুড়ায় টিএমএসএস মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘জনরায় উপেক্ষা নয়-গণভোট বাস্তবায়নে সরকারের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শিশির মনির বলেন, ‘দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিয়েছে। অন্যদিকে বিএনপি ৫১ শতাংশ মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। বর্তমান সরকার আস্থার সঙ্গে কোনও কাজই করতে পারছে না। মনে হচ্ছে, সরকার কোন এক অদৃশ্য শক্তির অচলাতয়নে বাঁধা রয়েছে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জাতির সামনে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে সেসব পূরণ করতে পারছেন না। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে বর্তমান সরকারের জন্য অতীতের ফ্যাসিস্ট সরকারের পরিণতি অপেক্ষা করছে।’
তিনি আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে সরকারের লোকেরা অশ্বডিম্ব বলে উপহাস করছেন। এটা যদি অশ্বডিম্ব হয় তাহলে এই অশ্বডিম্ব দিয়ে গণভোট করলেন কেন? জনগণকে হ্যাঁ-তে ভোট দিতে বললেন কেন? যারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অশ্বডিম্ব বলছেন তারা আসলে কাণ্ডজ্ঞানহীন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্টের আইনজীবী জোবাইদুর রহমান বাবু, অ্যাডভোকেট সাকিল আহমেদ, বগুড়া বারের আইনজীবী আল-আমিন প্রমুখ।
আই/এ