গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা, ৩ জনের কারাদণ্ড
দিনাজপুরের নবাবগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির প্রস্তুতিকালে তিনজনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রত্যেককে এক বছর করে সাজা দেওয়া হয়েছে।
শুক্রবার (০৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার গাজীপুর এলাকার একটি সুপারি বাগানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে বিপুল পরিমাণ মাংস জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—আব্দুল্লাহ, রুবেল ও রবিউল। তাদের বাড়ি নেত্রকোনা, নীলফামারী ও রংপুর জেলায়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে প্রায় ১২ মণ ঘোড়ার মাংস উদ্ধার করা হয়, যা গরুর মাংস হিসেবে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। পরে জব্দ করা মাংসগুলো নষ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান জানান, অভিযানে ছয়টি ঘোড়া জবাইয়ের প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।
এমএ//