যুদ্ধবিরতির দাবি প্রত্যাখ্যান, সংঘাতের স্থায়ী সমাধান চায় ইরান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ইরান যুদ্ধবিরতি চেয়েছে’ এমন বক্তব্য সরাসরি নাকচ করেছে তেহরান। ইরানের স্পষ্ট অবস্থান, তারা কোনো যুদ্ধবিরতির অনুরোধ করেনি, বরং চলমান সংঘাতের স্থায়ী ও পূর্ণাঙ্গ সমাপ্তিই তাদের লক্ষ্য।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) জানায়, ইরানের পক্ষ থেকে পাঁচ দফা পরিকল্পনা দেওয়া হয়েছে, এমন দাবি ভিত্তিহীন এবং কেবলই গণমাধ্যমের অনুমাননির্ভর প্রচার।
বুধবার (০১ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক ইরানি কর্মকর্তার বরাতে জানায়, ট্রাম্পের দাবি ‘ভিত্তিহীন’ এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, তাদের লক্ষ্য সাময়িক বিরতি নয়, বরং যুদ্ধের চূড়ান্ত অবসান নিশ্চিত করা। তিনি জানান, প্রয়োজনে দীর্ঘমেয়াদি সংঘাতের জন্যও প্রস্তুত রয়েছে ইরান।
তেহরানের মতে, যুদ্ধবিরতি হলে প্রতিপক্ষ নতুন করে শক্তি সঞ্চয় ও আক্রমণের সুযোগ পেতে পারে। তাই তারা এমন কোনো প্রস্তাবে আগ্রহী নয়, যেখানে স্থায়ী সমাধানের নিশ্চয়তা নেই।
আরাঘচি আরও বলেন, আগ্রাসনের জন্য দায়ীদের শাস্তি এবং ইরানের পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সংঘাত চলতে পারে। সাম্প্রতিক সময়েও ইরান ধারাবাহিকভাবে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার বিষয়টি অস্বীকার করে একই অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে।
তিনি বলেন, হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত ও নিরাপদ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র বিষয়টি বিবেচনা করবে। একইসঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও উল্লেখ করেন।
এমএ//