আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আবারও জ্বালানির দাম ৪ ডলারের ওপরে

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারেও। দেশটিতে পেট্রোলের গড় দাম ২০২২ সালের পর প্রথমবারের মতো প্রতি গ্যালনে ৪ ডলার অতিক্রম করেছে।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গড় পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ দশমিক ০২ ডলার, যা আগের দিন ছিল ৩ দশমিক ৯৯ ডলার।

এক সপ্তাহের ব্যবধানে দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। তবে মাসিক হিসেবে বৃদ্ধি অনেক বেশি—প্রায় ৩৫ শতাংশ। একইভাবে এক বছরের তুলনায়ও দাম প্রায় ২৭ শতাংশ বেশি রয়েছে।

অঙ্গরাজ্যভেদে দামের পার্থক্য বেশ স্পষ্ট। ক্যালিফোর্নিয়ায় গড় পেট্রোলের দাম সবচেয়ে বেশি, প্রতি গ্যালন প্রায় ৫ দশমিক ৮৯ ডলার। এরপর হাওয়াই, ওয়াশিংটনসহ কয়েকটি অঙ্গরাজ্যেও দাম উল্লেখযোগ্যভাবে বেশি। বর্তমানে অন্তত ১২টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে পেট্রোলের দাম ৪ ডলারের ওপরে রয়েছে।

এদিকে ডিজেলের দামও ঊর্ধ্বমুখী। গড়ে প্রতি গ্যালন ডিজেল বিক্রি হচ্ছে প্রায় ৫ দশমিক ৪৫ ডলারে, যা এক মাস আগের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও সরবরাহে বিঘ্নের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের খুচরা জ্বালানি বাজারে।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের জুনে দেশটিতে পেট্রোলের দাম রেকর্ড প্রায় ৫ দশমিক ০২ ডলারে পৌঁছেছিল।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন