জাতীয়

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ পেতে সচিবালয়ে গিয়েছিলেন দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একদল কর্মকর্তা। এসময় পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ের ভেতরে ৫ নম্বর ফটকের পাশে অবস্থানরত বঞ্চিত চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,  ৫ নম্বর ফটকের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন পদোন্নতি বঞ্চিত চিকিৎসকরা। সচিবালয় ত্যাগ করার জন্য গাড়িতে ওঠার আগমুহূর্তে  চিকিৎসকদের প্রতিনিধি দলের কাছে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাক্ষাতে বঞ্চিত চিকিৎসকরা সরাসরি তাদের দাবির আবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। কোনও আনুষ্ঠানিকতা না দেখিয়ে প্রধানমন্ত্রী তাদের আবেদন গ্রহণ করেন।

আকস্মিক এই অনানুষ্ঠানিক সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। এ সময় তারা প্রশাসনিক বৈষম্য, পদোন্নতি জটিলতা এবং মানবিক সংকটের বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীর নজরে আনেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী খুব মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাসও দেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন