ইরানে ৯০০ কেজির বাঙ্কার বাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র, ভিডিও দিলেন ট্রাম্প
ইরানের রাজধানী তেহরানে একটি বড় বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে ইরানের ইস্ফাহান শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, বিস্ফোরণের পরপরই এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটে, যার ফলে চারদিকে বড় অগ্নিগোলক ও তীব্র কম্পন ছড়িয়ে পড়ে। এতে পুরো অঞ্চলজুড়ে আতঙ্ক তৈরি হয়।
ভিডিও ফুটেজে দেখা গেছে, একের পর এক বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে রাতের আকাশ কমলা রঙে পরিণত হয়েছে। তবে এই ভিডিও সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প।
বিভিন্ন মিডিয়া দাবি করছে, ইস্ফাহানে গোলাবারুদের ডিপোতে মার্কিন ও ইসরায়েলি বাহিনী যৌথ হামলা চালিয়েছে।
ইস্ফাহান শহরটিতে ২৩ লাখ ইরানির বসবাস এবং সেখানে বদর সামরিক বাহিনীর বিমানঘাঁটি রয়েছে। মার্কিন এক কর্মকর্তার বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, মার্কিন বাহিনী ইস্ফাহানে গোলাবারুদের ডিপোতে দুই হাজার পাউন্ডের বাঙ্কার বাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছে।
তবে এ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইরানের জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হবে- ট্রাম্পের হুমকির একদিন পরেই এই হামলা হলো বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সাম্প্রতিক ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে, "শীঘ্রই" যুদ্ধ শেষ করার কোনো চুক্তি না হলে তিনি ইরানের জ্বালানি সম্পদ এবং পারমাণবিক স্থাপনা ও পানি শোধনাগারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস করে দেবেন। এর একদিন পরই এই হামলার খবর আসে।
এদিকে চলমান সংঘাত দ্বিতীয় মাসে গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে একই সময়ে পাকিস্তান, মিশর, সৌদি আরব এবং তুরস্ক কূটনৈতিক সমাধানের জন্য বৈঠকে বসেছে বলে জানা গেছে।
এসি//