দেশজুড়ে

চলন্ত ট্রেনে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারে চলন্ত ট্রেনে আগুন লাগার ঘটনায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামের কাছে, ভানুগাছ ও শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনটিতে আগুন লাগে বলে জানা গেছে।

কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রেনটির ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন ইঞ্জিনজুড়ে ছড়িয়ে পড়লে ট্রেনটি দ্রুত থামানো হয়।

ঘটনার সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনায় সিলেটগামী কয়েকশ যাত্রী চরম দুর্ভোগে পড়েন এবং সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

রোমান আহমেদ আরও জানান, সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। সেটি পৌঁছালে ট্রেনটি উদ্ধার করে গন্তব্যে নেওয়া হবে। তবে এখন পর্যন্ত ট্রেনের নির্ধারিত সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটেনি বলেও তিনি উল্লেখ করেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন