৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ
ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতির কারণে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। ভ্রাম্যমাণ আদালতে তিন শ্রমিককে জেল-জরিমানা করার প্রতিবাদে রোববার (২৯ মার্চ) সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়েছে।
শ্রমিকদের কর্মবিরতির ফলে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে তেল সরবরাহসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এ আন্দোলনে পেট্রোল পাম্প মালিকরাও সমর্থন জানিয়েছেন।
রংপুর বিভাগের আটটি জেলা হলো: রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও।
শ্রমিকরা জানান, নীলফামারীতে একটি তেলবাহী লরি যান্ত্রিক ত্রুটির কারণে থামিয়ে মেরামত করা হচ্ছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে লরির কেবিন থেকে অল্প পরিমাণ জ্বালানি তেল পাওয়ার অভিযোগে চালকসহ তিনজনকে ছয় মাসের কারাদণ্ড ও মোট এক লাখ টাকা জরিমানা করে।
এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন। রোববার দুপুরে পার্বতীপুর অয়েল ডিপোর সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিলও করেন তারা।
শ্রমিক নেতারা অভিযোগ করেন, সড়কে হয়রানি ও অযৌক্তিকভাবে শাস্তি দেওয়ার প্রতিবাদেই এ কর্মসূচি। তারা অভিযুক্ত কর্মকর্তার অপসারণ ও আটক শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হলে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
এমএ//