আন্তর্জাতিক

জ্বালানি সংকটে মিসরে রাত ৯টার পর দোকান-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ইরান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও জ্বালানি সংকটের কারণে মারাত্মক চাপের মুখে পড়েছে মিসর। পরিস্থিতি সামাল দিতে দেশটির সরকার সাময়িকভাবে কঠোর কিছু পদক্ষেপ নিয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী শনিবার থেকে আগামী এক মাস মিসরের সব দোকান, রেস্তোরাঁ ও ক্যাফে রাত ৯টার মধ্যেই বন্ধ করতে হবে। এই নির্দেশ মূলত বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে নেয়া হয়েছে।

সরকার আরও জানিয়েছে, রাস্তার বাতি ও বিলবোর্ডের আলো কমিয়ে দেওয়া হবে। পাশাপাশি আগামী এপ্রিল মাসে বেশিরভাগ সরকারি ও বেসরকারি কর্মীর জন্য সপ্তাহে এক দিন ঘরে বসে কাজ করার (ওয়ার্ক ফ্রম হোম) ব্যবস্থা চালু থাকবে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে জানা গেছে। এই রুট দিয়ে তেল ও এলএনজি সরবরাহ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে গেছে, যার প্রভাব সরাসরি মিসরের ওপর পড়েছে।

এই পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা মাদবউলি জানিয়েছেন, শুধু পেট্রোল আমদানিতে খরচ জানুয়ারির তুলনায় দ্বিগুণের বেশি বেড়ে মার্চে প্রায় ২.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

তবে জরুরি সেবা ও পর্যটন খাতকে এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে। হোটেল ও পর্যটন কেন্দ্রগুলো স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে, কারণ দেশের অর্থনীতির একটি বড় অংশ এই খাতের ওপর নির্ভরশীল।

এদিকে কায়রোর কিছু বড় হোটেল জানিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কায় তারা আগেই জেনারেটর প্রস্তুত রেখেছে এবং অতিথিদের জন্য রেস্তোরাঁ সেবা চালু রাখবে। হাসপাতাল, স্কুল ও কারখানার মতো জরুরি খাতের কর্মীরা নতুন ওয়ার্ক ফ্রম হোম নিয়মের আওতার বাইরে থাকবেন।

সূত্র: বিবিসি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন