প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করছে সরকার
বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎমন্ত্রী বলেন, প্রিপেইড মিটারের অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। বিষয়টি পর্যালোচনা করে জনবান্ধব সেবা নিশ্চিত করতে এ চার্জ পুরোপুরি বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ বাবদ দিতে হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে গ্রাহকদের অভিযোগ ছিল যে, মিটারের মূল্য উঠে যাওয়ার পরও এই চার্জ কেটে নেওয়া হচ্ছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতীতে মিটার ক্রয় ও ব্যবস্থাপনায় অস্বচ্ছতা এবং বাড়তি ব্যয়ের চাপ গ্রাহকদের ওপর পড়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে সেই চাপ কমানো এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা আনার চেষ্টা করছে সরকার।
এমএ//