ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তৃণমূল থেকে খেলোয়াড় গড়ে তোলা প্রয়োজন : বিদ্যুৎমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একটি দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তৃণমূল থেকে খেলোয়াড় গড়ে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে নিয়মিত ফুটবল প্রতিযোগিতা আয়োজনের বিকল্প নেই।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন সময়োপযোগী সিদ্ধান্তের প্রশংসা করে ক্রীড়াসহ বিভিন্ন খাতে তাঁর নেওয়া উদ্যোগগুলোর প্রতি সমর্থন জানান তিনি।
মন্ত্রী বলেন, তরুণদের ইতিবাচক পথে পরিচালিত করতে খেলাধুলা অত্যন্ত কার্যকর মাধ্যম। মাঠের সঙ্গে তরুণদের সম্পৃক্ততা বাড়লে তারা শারীরিকভাবে সক্ষম হওয়ার পাশাপাশি মানসিকভাবেও বিকশিত হবে। একই সঙ্গে মাদক ও অপরাধপ্রবণতা থেকেও দূরে থাকার সুযোগ তৈরি হবে।
বক্তব্যে বাংলাদেশের ফুটবলের পরিচিত মুখ এবং জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের অবদানের কথাও তুলে ধরেন তিনি। দেশের ফুটবলের অগ্রযাত্রায় তাঁর ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান বিদ্যুৎমন্ত্রী।
টুর্নামেন্টকে ঘিরে সিরাজগঞ্জের ক্রীড়াঙ্গনে ইতোমধ্যে আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় ফুটবলারদের জন্য নিজেদের দক্ষতা প্রমাণের পাশাপাশি প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে এই আয়োজন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আই/এ