মার্কিন স্থাপনায় হামলা ঠেকাতে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র–ইরাক
ইরাকের মাটিতে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরাক। সম্ভাব্য হামলার আশঙ্কা মোকাবিলায় দুই দেশ সমন্বয় আরও জোরদারের সিদ্ধান্ত নিয়েছে।
বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, সন্ত্রাসী হামলা প্রতিরোধে যৌথ উদ্যোগ শক্তিশালী করা এবং নিরাপত্তা সহযোগিতা গভীর করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ইরাকের ভূখণ্ড যেন যুক্তরাষ্ট্রের কর্মী, কূটনৈতিক মিশন কিংবা আন্তর্জাতিক জোটের বিরুদ্ধে কোনো হামলার জন্য ব্যবহার না হয়, এ বিষয়টি নিশ্চিত করতে দুই দেশ একসঙ্গে কাজ করবে।
ইসরাইল–যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ইরাকে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোর ওপর সম্ভাব্য হামলার ঝুঁকি বাড়ায় নিরাপত্তা জোরদারের এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু হয়। এই সামরিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।
এমএ//